Bombagarh title card for Golpo Bola from Abol Tabol by Sukumar Ray

গল্প বলা · Galpo Bola

“এক যে রাজা”—“থাম্ না দাদা,
রাজা নয় সে, রাজ পেয়াদা।”
“তার যে মাতুল”—“মাতুল কি সে?
সবাই জানে সে তার পিসে।”
“তার ছিল এক ছাগল ছানা”—
“ছাগলের কি গজায় ডানা?”
“একদিন তার ছাতের ’পরে”—
“ছাত কোথা হে টিনের ঘরে?”
“বাগানের এক উড়ে মালী”—
“মালী নয়তো! মেহের আলি”—
“মনের সাধে গাইছে বেহাগ,”
“বেহাগ তো নয়! বসন্ত রাগ।”

“থও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি”—
“আচ্ছা বল, চুপ করেছি।”
“এমন সময় বিছ্না ছেড়ে,
হঠাৎ মামা আস্‌ল তেড়ে,
ধর্‌ল সে তার ঝুঁটির গোড়া—“
“কোথায় ঝুঁটি? টাক যে ভরা।”
“হোক না টেকো, তোর তাতে কি?
লক্ষ্মীছাড়া মুখ্যু ঢেঁকি!
ধর্‌ব ঠেসে টুঁটির ’পরে,
পিটব তোমার মুণ্ডু ধ’রে—
কথার উপর কেবল কথা,
এখন বাপু পালাও কোথা?”


Someone tries to tell a story and is corrected at every line. There was a king — no, a royal peon. His uncle — that is his aunt's husband. He had a goat kid — do goats grow wings? On his roof — what roof, it is a tin shed? The gardener is not a gardener and the raga is not Behag. The storyteller finally gives up and threatens to throttle him.

Sukumar Ray wrote Galpo Bola for Abol Tabol, published in September 1923.