Sukumar Ray's original drawing for Narod Narod from Abol Tabol

নারদ নারদ · Narod Narod

“হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল, সাদাকে বল্ছিলি লাল?
(আর) সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছি’স বিশ্রী সুরে?
(আর) তোদের পোষা বেড়ালগুলো  শুনছি নাকি বেজায় হুলো?
(আর) এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি?
ক্যান্ রে ব্যাটা ইস্টুপিড? ঠেঙিয়ে তোরে করব ঢিট্!”
”চোপরাও তুম্ স্পিকটি নট্,  মারব রগে পটাপট্—
ফের যদি ট্যারাবি চোখ কিম্বা আবার করবি রোখ,
কিম্বা যদি অমনি করে মিথ্যেমিথ্যি চ্যাঁচাস জোরে—
আই ডোণ্ট কেয়ার্ কানাকড়ি—জানিস্ আমি স্যাণ্ডো করি?
ফের লাফাচ্ছিস্? অল্রাইট্ কামেন্ ফাইট্! কামেন্ ফাইট্!"
“ঘুঘু দেখেছ, ফাঁদ দেখ নি, টেরটা পাবে আজ এখনি।
আজকে যদি থাকত মামা পিটিয়ে তোমায় করত ঝামা।
আরে! আরে! মারবি নাকি? দাঁড়া একটা পু্লিশ ডাকি!
হাঁহাঁহাঁহাঁ! রাগ ক’রো না, করতে চাও কি তাই বল না?”
“হ্যাঁ হ্যাঁ তাতো সত্যি বটেই আমি তো চটি নি মোটেই!
মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি-ভেরি সরি, মসলা খাবি?
‘শেক্হ্যাণ্ড’ আর ‘দাদা’ বল সব শোধ বোধ ঘরে চল।
ডোণ্ট পরোয়া অল্ রাইট্ হাউ ডুয়ুডু গুড্ নাইট্।”


Two men escalate a quarrel out of nothing. You called white red. You snored all night. Your cats are toms. Nobody in your house keeps a beard. The reply comes in mixed Bengali and English — chopraw tum, speakty not; I don't care a cowrie; come and fight. Then a threat to call a policeman, and it collapses into very-very sorry, shake hands, call me dada, good night.

Sukumar Ray wrote Narod Narod for Abol Tabol, published in September 1923.