Sukumar Ray's original drawing for Bombagarher Raja from Abol Tabol

বোম্বাগড়ের রাজা · Bombagarher Raja

কেউ কি জান সদাই কেন বোম্বাগড়ের রাজা—
ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা?
রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা?
পাঁউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা?

কেন সেথায় সর্দি হ’লে ডিগবাজি খায় লোকে?
জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে?
ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে?
টাকের ’পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে!
রাত্রে কেন ট্যাঁক্‌ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে?
কেন রাজার বিছ্‌না পাতে শিরিষ কাগজ দিয়ে?

সভায় কেন চেঁচায় রাজা ‘হুক্কা হুয়া’ ব’লে?
মন্ত্রী কেন কল্‌সী বাজায় ব’সে রাজার কোলে?
সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি?
কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি?
রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা প’রে?
এমন কেন ঘটছে তা কেউ বলতে পার মোরে?


A list of questions about the king of Bombagarh, none answered. Why does he keep fried mango pulp framed like a picture? Why is a pillow tied to the queen's head, and why does her brother hammer nails into bread? Why do people turn somersaults for a cold, and stick postage stamps on bald scholars' heads? Why is the pocket watch kept soaked in ghee? Can anybody say why?

Sukumar Ray wrote Bombagarher Raja for Abol Tabol, published in September 1923.